চাঁচল, ৯ সেপ্টেম্বর: শ্রম আইন মানা হচ্ছে কি না, শ্রমিকেরা ন্যূনতম মজুরি পাচ্ছেন কি না—খতিয়ে দেখতে বুধবার ফের চাঁচল শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাল মহকুমা শ্রম দফতর।
সহকারী কমিশনার নৌসাদ আলির নেতৃত্বে সুভাষ রোড ও সুকান্ত মোড় এলাকায় পোশাক, মিষ্টি, স্বর্ণকার-সহ একাধিক দোকানে অভিযান চালানো হয়। শ্রমিকদের মজুরি সংক্রান্ত তথ্যের পাশাপাশি দোকানগুলির শ্রম রেজিস্ট্রেশনও খতিয়ে দেখেন আধিকারিকেরা।
অভিযানের পর দোকান মালিকদের শ্রম দফতরে রেজিস্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মজুরি রেজিস্টার বুক-সহ প্রয়োজনীয় নথি নিয়ে দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁদের।
শ্রম দফতরের আধিকারিক জানান, নথি যাচাইয়ের পর কোনও প্রতিষ্ঠানে শ্রমিকদের নির্ধারিত মজুরির চেয়ে কম দেওয়ার প্রমাণ মিললে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







