
রতুয়া: আগে ভাঙনের আতঙ্ক, আর এ বার বন্যার জলে বিপর্যস্ত মালদার রতুয়া। মহানন্দাটোলা-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জলবন্দি বহু পরিবার। ঘরবাড়িতে জল ঢুকে যাওয়ায় অসহায় অবস্থায় দিন কাটছে দুর্গত মানুষের। প্লাবিত এই মহানন্দাটোলা এলাকাতেই বাড়ি রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের। তিনিও জলবন্দি।
দুর্যোগের এই কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা-সহ অন্যান্য আধিকারিকরা নৌকায় করে দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করেন। রতুয়া থানার মহানন্দাটোলা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ও বন্যার্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী-সহ বিভিন্ন ত্রাণ তুলে দেন।
বন্যার জলে ভেসে যাওয়া ঘর, চোখে আতঙ্ক আর অনিশ্চয়তা—এই পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ। তাঁদের আশা, দ্রুত আরও সাহায্য পৌঁছবে এবং দুর্যোগ কেটে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তাঁরা।







