হরিশ্চন্দ্রপুর, ৮ সেপ্টেম্বর : পুজোর ঢাকে কাঠি পড়তে এখনও কয়েকটা দিন বাকি। তার আগেই খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল মালদহের হরিশ্চন্দ্রপুরের পিপলা সর্বজনীন দুর্গোৎসবের। সর্জনীন হলেও ওই পুজো পরিচালনা করে শেখর স্মৃতি অঙ্কুর সংঘ। মঙ্গলবার খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকায়। এ বার ৫২ বছরে পদার্পণ করবে এই পুজো।
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে পিপলা এলাকায় দুর্গাপুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের আবেগ জড়িয়ে রয়েছে। প্রতি বছরই সাবেকিয়ানা ও নতুন ভাবনার মেলবন্ধনে নজর কাড়ে এই পুজো। পুজোর দিনগুলিতে শুধু পিপলা নয়, আশপাশের এলাকার বাসিন্দারাও ভিড় করেন মণ্ডপে। পুজোকে ঘিরে কয়েক দিন ধরেই কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয় এলাকায়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী উদ্যোক্তারা।
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এ বার মণ্ডপসজ্জা ও ভাবনায় থাকছে বিশেষ চমক। পুজোর থিম ‘পৃথিবী আবার শান্ত হবে’। বর্তমান অস্থির সময়ে শান্তি ও সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই ভাবনার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পুজো কমিটির সম্পাদক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রতি বছরই নতুন কিছু করার চেষ্টা থাকে। এ বারও দর্শনার্থীদের ভালো লাগার মতো আয়োজন করা হবে।’’







