
গাজোল: কাজ শেষে ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক মৃত্যু হল মালদহের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শরিফুল আনসারী (২৩)। তাঁর বাড়ি মালদহ জেলার গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের নাকরাকুরি গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শরিফুল। সেখানে কাজ শেষে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে ওড়িশার কালিজাই স্টেশনের কাছে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান শরিফুল। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
জানা গিয়েছে, শরিফুলের সঙ্গে আরও দু’জন ব্যক্তি ছিলেন। তাঁরাই ফোন করে শরিফুলের বাড়িতে দুর্ঘটনার খবর দেন। খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের আবহ নেমে আসে নাকরাকুরি গ্রামে।
পরিবারে রয়েছেন বাবা-মা এবং দুই ভাই। পরিবারের সদস্যদের প্রত্যেকেই বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তবে পরিবারের অন্যতম প্রধান উপার্জনকারী ছিলেন শরিফুল। মাত্র ২৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার।
এই মুহূর্তে শরিফুলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এখনও তাঁর দেহ নাকরাকুরির বাড়িতে পৌঁছয়নি। প্রিয়জনকে শেষবারের মতো দেখার অপেক্ষায় শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসীরা।







