হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুরের দৌলতনগরে মহিলা খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম হজরত আলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনার অলঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল।
গত ২০ অগস্ট দৌলতনগরের বাসিন্দা দুই জা চন্দ্রিকা মণ্ডল ও রুম্পা মণ্ডল লাগোয়া বিহারে ঘাস কাটতে গিয়েছিলেন। ঘাস কেটে বাড়ি ফেরার সময় পিছন থেকে এক ব্যক্তি তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রিকার। গুরুতর জখম অবস্থায় রুম্পাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরই বিহার ও মালদহ পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে নেমে হজরত আলিকে গ্রেফতার করা হয়। আদালতে তোলার পর তাকে হেফাজতে নিয়েছে বিহারের আমদাবাদ থানার পুলিশ।
পুলিশের দাবি, জেরায় হজরত স্বীকার করেছে যে, সোনার অলঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যেই সে হামলা চালিয়েছিল। ছিনতাই করা অলঙ্কার প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করেছে বলেও সে জানিয়েছে বলে দাবি তদন্তকারীদের। ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







