ইসলামপুর: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল ইসলামপুর ব্লক অফিস চত্বর। দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
এদিন এনসিপিআইয়ের ১৮ জন সদস্য বোর্ড গঠনের জন্য পঞ্চায়েত সমিতি অফিসে প্রবেশ করেন। অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা বিজেপিকে সঙ্গে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তে তা হাতাহাতি ও মারপিটের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে ধীরে ধীরে উত্তেজনা কমে। যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে সকলকে সরিয়ে দেওয়া হয়, দাবি পুলিশের। এরপর পঞ্চায়েত সমিতির সদস্যরা অফিসের ভিতরে প্রবেশ করেন।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি বিনীতা সরকার ও সহ-সভাপতি উমর ফারুকের বিরুদ্ধে অনাস্থা আনে বিরোধী পক্ষ। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে হাত মেলান তাঁরা। অন্যদিকে, অপসারিত সভাপতি ও কয়েকজন সদস্য এনসিপিআইয়ে যোগ দেন। মঙ্গলবার ছিল বোর্ড গঠনের দিন।







