হরিশ্চন্দ্রপুর: ভুট্টা চাষে আগাছার দাপট কমিয়ে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে আনতে নতুন পণ্য বাজারে আনল ক্রিয়েস্টল কোম্পানি। সোমবার হরিশ্চন্দ্রপুরের সংগঠন সমিতির হলঘরে আনুষ্ঠানিকভাবে ‘টাকুরো ট্রিপল অ্যাকশন’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিক ও প্রতিনিধিরা। ছিলেন এলাকার বিভিন্ন প্রান্তের কীটনাশক ও সার ব্যবসায়ীরাও।
কোম্পানির দাবি, ভুট্টার জমিতে মোথা, উলু ঘাস-সহ বিভিন্ন ধরনের সরু ও চওড়া পাতার আগাছা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে এই পণ্য। নির্ধারিত পদ্ধতিতে ব্যবহার করলে তিন সপ্তাহের মধ্যে আগাছার প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে বারবার আগাছানাশক স্প্রে এবং অতিরিক্ত শ্রমিকের খরচ কমবে বলে আশা সংস্থার। ভুট্টার স্বাভাবিক বৃদ্ধি ও উন্নত ফলনেও সহায়ক হবে এই পণ্য, দাবি কর্তৃপক্ষের।
হরিশ্চন্দ্রপুরের বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জীবিকার অন্যতম ভরসা ভুট্টা চাষ। আগাছার কারণে বাড়তি খরচ ও ফলনের অনিশ্চয়তা তাঁদের দুশ্চিন্তা বাড়ায়। সেই সমস্যা মোকাবিলায় নতুন পণ্যের ব্যবহার ও কার্যকারিতা নিয়ে ব্যবসায়ীদের বিস্তারিত জানানো হয়।







