রতুয়া, ১ নভেম্বর: ফুলহর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। রবিবার সকালে মালদার রতুয়া থানার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিখোঁজ বৃদ্ধের নাম নাওশাদ আলী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ছোট টিনের ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীর জলে তাঁর জামাকাপড় ও মাছ রাখার হাঁড়ি-বাসন ভাসতে দেখা যায়। এরপরই নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহানন্দটোলা ফাঁড়ির পুলিশ। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হলে শুরু হয় তল্লাশি অভিযান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনও সন্ধান মেলেনি। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।







