মালদা: শহর থেকে গ্রাম, সর্বত্রই রয়েছে অসংখ্য সংকীর্ণ গলি ও সরু রাস্তা। অনেক জায়গায় রাস্তার পরিসর এতটাই কম যে পুলিশের চারচাকা গাড়ি নিয়ে ঢোকা কার্যত অসম্ভব। ফলে ওই সমস্ত এলাকায় দ্রুত পৌঁছে নজরদারি চালানো কিংবা জরুরি পরিস্থিতিতে পুলিশের পরিষেবা পৌঁছে দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এবার সেই সমস্যার মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিল মালদা জেলা পুলিশ।
সংকীর্ণ গলিতে সহজে পৌঁছে নজরদারি চালাতে এবার মোটরবাইক ব্যবহার করবে পুলিশ। শনিবার মালদা জেলা পুলিশ লাইনে জেলার ১৪টি থানার জন্য মোটরবাইক পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার অনুপম সিংহ। এই পরিষেবার মাধ্যমে বিভিন্ন থানা এলাকার সরু রাস্তা ও দুর্গম গলিতে পুলিশের নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছনো, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি চালানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা আরও সহজ হবে। বিশেষ করে জনবহুল এলাকা ও যানজটপূর্ণ রাস্তায় মোটরবাইক পুলিশের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। নতুন এই পরিষেবার ফলে পুলিশের টহলদারি আরও গতিশীল হবে বলে আশা জেলা পুলিশের।







