রতুয়া: বন্যাদুর্গতদের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার রতুয়ার বিলাইমারি ও মহানন্দাটোলা পঞ্চায়েতের একাধিক এলাকায় গেলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ মৌসম নূর। দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি ত্রাণ বণ্টন নিয়েও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, খাসমহল-সহ বেশ কিছু এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছয়নি এবং কোথাও কোথাও বেছে বেছে ত্রাণ দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এবছর ত্রাণের পরিমাণও কম বলে অভিযোগ করেন তিনি।
এই বিষয়গুলি জানাতে রতুয়া-১ ব্লক প্রশাসনের দফতরে যান মৌসম। পাশাপাশি, গঙ্গার জলস্তর কমলেও নতুন করে ভাঙন বাড়ায় নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিও জানান তিনি।
যদিও প্রশাসনের দাবি, গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণে ত্রাণ দেওয়া হয়েছে। ত্রাণ শিবিরে খাবার সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য শিবির ও অন্যান্য জরুরি পরিষেবাও চালু রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের বিভিন্ন দফতর নদীপথেও দুর্গত এলাকায় পৌঁছে কাজ করছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।







