রতুয়া: পঞ্চায়েতের অঙ্কে ফের বদল মালদহের রতুয়ায়। তৃণমূল পরিচালিত রতুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ ১২ জন সদস্য কংগ্রেসে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছল কংগ্রেস। শনিবার রাতে দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী ও মৌসম নুরের উপস্থিতিতে দলবদল হয়। নেতৃত্বের দাবি, এদিন তাঁদের সঙ্গে এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী-সমর্থকও কংগ্রেসে যোগ দেন।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ৩০ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল ১৬টি, কংগ্রেস ৮টি, বিজেপি ৪টি এবং সিপিএম ২টি আসন পেয়েছিল। প্রধান পদে রয়েছেন শেখ আবু সোয়েব আলি। দলবদলের পরেও তিনিই প্রধান রয়েছেন। তবে পঞ্চায়েতের সংখ্যার হিসাবে কংগ্রেস এখন এগিয়ে।
দলত্যাগীদের দাবি, তৃণমূলের সাংগঠনিক শক্তি কমেছে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আস্থা ফিরছে তাঁদের দলে। তৃণমূল নেতা সৌমিত্র রায় অবশ্য বলেন, বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যার যেখানে প্রাসঙ্গিকতা রয়েছে তিনি সেখানে যাচ্ছেন। আগামীতেও এমন ঘটনা আরও ঘটবে।







