মালদা, ৭ আগস্ট: ভূমি সংক্রান্ত দুর্নীতি, অনিয়ম, বেআইনি অর্থ দাবি ও পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে বিশেষ কন্ট্রোল রুম চালু করল মালদা জেলা প্রশাসন। মিউটেশন, কনভার্সন, জমির রেকর্ড-সহ বিভিন্ন সমস্যায় কর্মদিবসে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ০৩৫১২-২২০২০৭ অথবা ৭৭১৯৩ ৬০২০১ নম্বরে অভিযোগ জানানো যাবে। ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, এই উদ্যোগে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মালদহের বিধায়ক গোপাল চন্দ্র সাহার মতে, দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও জবাবদিহিতা নিশ্চিত হবে। মানিকচকের বিধায়ক গৌর চন্দ্র মণ্ডল বলেন, গ্রামীণ এলাকার মানুষও নির্ভয়ে অনিয়মের অভিযোগ জানাতে পারবেন। জেলা প্রশাসনের দাবি, ‘আপনার সরকার, আপনার পাশে’ ভাবনায় এই উদ্যোগ ভূমি পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও নাগরিকবান্ধব করে তুলবে।







