গাজল, ৬ আগস্ট: মালদা জেলায় অবৈধ অর্থ ও মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযানে ফের বড় সাফল্য মিলল। পুরাতন মালদহে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গাজল থানার রাঙাভিটা এলাকায় উদ্ধার হল ৪০ লক্ষাধিক টাকা এবং বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রাঙাভিটা এলাকায় অভিযান চালায় গাজল থানার পুলিশ। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুটি মোটরসাইকেলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। ঘটনাস্থলেই টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া নগদ অর্থের পরিমাণ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। পাশাপাশি ধৃতদের কাছ থেকে ৩০৬ গ্রাম ব্রাউন সুগারও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন সিদ্ধার্থ মণ্ডল, বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগর সরকারটোলা এবং কিশোর মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর এলাকায়।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও মাদকের উৎস, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে বড় কোনও পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।







