চাঁচলঃ ৬৫তম সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে মহকুমাস্তরের খেলা শেষ হয়েছে। রবিবার ছিল জেলাস্তরের খেলা। এদিন মালদা বৃন্দাবনী মাঠে জেলাস্তরের প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চাঁচলের অনুপনগর কেএফজি বিদ্যাভবন হাই স্কুল। অনুপনগর চ্যাম্পিয়ন হতেই স্কুলের শিক্ষক-ছাত্রছাত্রীদের পাশাপাশি চাঁচলজুড়ে খুশির আবহ। এদিন গাজলের হাতিমারি হাই স্কুলকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে অনুপনগর। টুর্নামেন্টের চাঁচল মহকুমার পরিচালক তথা কুশিদা হাই স্কুলের ক্রীড়া শিক্ষক হরিদাস মাহাতো জানিয়েছেন, জেলায় সেরা হওয়ায় এবার উত্তরবঙ্গ জোনের ক্লাস্টার পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করল অনুপনগর। রাজ্যের স্কুলগুলিকে নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে।







