চাঁচল: লায়ন্স ক্লাবের ইনস্টলেশন সেরেমনি উপলক্ষে চাঁদের হাট বসল মালদার চাঁচলে। শুক্রবার চাঁচল পিএন গ্র্যান্ড হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত নতুন বোর্ড গঠনকে ঘিরে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। একসঙ্গে দাঁড়াই, একসঙ্গে সেবা করি’—একতার এমনই বার্তাকে সামনে রেখে পথচলা শুরু হয় নতুন বোর্ডের। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বন্দেমাতরম, জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছিলেন লায়ন্স জেলার গভর্নর জ্যোতি গুপ্তা, প্রথম উপ-জেলা গভর্নর শিবানী গোয়েঙ্কা, দ্বিতীয় উপ-জেলা গভর্নর সজল কুণ্ডু, চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাণগোপাল পোদ্দার, লায়ন্স ক্লাবের বিদায়ী সভাপতি সুদীপ্ত ঘোষ, সভাপতি মুকেশ আগরওয়াল, সম্পাদক নিতাই সাহা, কোষাধ্যক্ষ সৌমিত্র গুহ প্রমুখ। এবছর চাঁচল লায়ন্স ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুকেশ আগরওয়াল। এদিন বিশেষভাবে সম্মানিত করা হয় লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি সুদীপ্ত ঘোষকে। বন্যার সময় ত্রাণ বিতরণ থেকে শুরু করে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে আন্তর্জাতিক সভাপতির পুরস্কার প্রদান করা হয়। বিদায়ী সভাপতি সুদীপ্ত ঘোষ বলেন, সমাজসেবামূলক কাজ করাই ক্লাবের মূল লক্ষ্য। আর আমাকে যে স্বীকৃতি দেওয়া হল, তাতে আমি কৃতজ্ঞ, অভিভূত।







