রতুয়া: নাতিকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে নিখোঁজ হলেন এক বৃদ্ধ। শনিবার দুপুরে মালদার রতুয়া থানার ঘুরঘুরামনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘুরঘুরামনি এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস (৭০) এদিন তাঁর প্রায় ১৫ বছর বয়সি নাতিকে নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মরা মহানন্দা খালে মাছ ধরতে যান। মাছ ধরার সময় তিনি জলে নামতেই প্রবল স্রোতের টানে তলিয়ে যান।
দাদুকে জলের নিচে তলিয়ে যেতে দেখে নাতি চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও বৃদ্ধের কোনও সন্ধান মেলেনি।
ঘটনার খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে তল্লাশি অভিযান শুরু করে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত আব্দুল কুদ্দুসের কোনও হদিশ পাওয়া যায়নি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








