মালদা: প্রয়াত হলেন কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর মেজো ভাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতার নিউ টাউনের বাড়িতে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুসংবাদ কোতুয়ালি ভবনে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকাহত হন কোতুয়ালি ভবনের পরিচারিকা মল্লিকা দাসও। তিনি বলেন, সাহেব খুব ভালো মানুষ ছিলেন। দানধ্যান করতেন, বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। সময়ে-অসময়ে তাঁদের সাহায্য করতেন। এমন মানুষকে হারিয়ে তাঁরা শোকাহত। লেবুবাবুর ভাগ্নি মৌসম নুর বলেন, সাত মাসের ব্যবধানে আরও এক অভিভাবককে হারাল পরিবার। এর আগে গত এপ্রিলে প্রয়াত হন আবু হাসেম খান চৌধুরী। এদিকে, কলকাতা থেকে গ্রিন করিডর করে দেহ মালদায় আনার জন্য মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন সাংসদ ইশা খান চৌধুরী। রাতে দেহ কোতুয়ালি ভবনে পৌঁছনোর পর সেখানেই তাঁকে সমাধিস্থ করা হবে।






