মালদা: জেলার সামগ্রিক সামাজিক উন্নয়নে মালদা জেলা প্রশাসনের ‘আমার মালদা’ উদ্যোগের প্রশংসা করল UNICEF-এর বিশেষজ্ঞ দল। বুধবার মালদা সফরে আসেন UNICEF-এর সিনিয়র সোশ্যাল পলিসি বিশেষজ্ঞ এবং তাঁর প্রতিনিধি দলের সদস্যরা। ‘আমার মালদা’ প্রকল্পের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চলা কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। উদ্যোগটির সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, মালদায় এই উদ্যোগের সাফল্য ও কাজের দিকগুলি রাজ্যের অর্থমন্ত্রীর কাছেও তুলে ধরেন তাঁরা।
উল্লেখ্য, ‘আমার মালদা’ মূলত জেলার বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কল্যাণমূলক কাজকে এক ছাতার তলায় এনে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের একটি সমন্বিত উদ্যোগ। এর মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি, শিশুকল্যাণ এবং বিভিন্ন সামাজিক সহায়তামূলক কর্মকাণ্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে সরকারি ও সামাজিক উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
UNICEF-এর মতো আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের প্রশংসা এবং রাজ্যের অর্থমন্ত্রীর কাছে এই উদ্যোগের কাজ তুলে ধরার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।






