চাঁচল, ৩ অক্টোবর: জাতীয় শিক্ষা নীতি বাতিল থেকে শুরু করে কেন্দ্রীয় হারে ডিএ—একাধিক দাবিকে সামনে রেখে বার্ষিক সাধারণ সভা করল বাম শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। শনিবার বিকেলে চাঁচল-২ জোন শাখার উদ্যোগে চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসায় এই সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে মোট ৩৮ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষা নীতি বাতিল, নিয়মিত স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগ, মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ, দ্রুত পে কমিশন চালু এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদান। পাশাপাশি হিন্দি আগ্রাসন বন্ধ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবিও জানানো হয়।
সভায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। ছিলেন এবিটিএ-র জেলা সভাপতি সৈয়দ কাজিম আলি, চাঁচল-২ জোনের সম্পাদক তারিকুল ইসলাম, সভাপতি সঞ্জয় কুমার দাস-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।






