চাঁচল: ফুলহরের জল এখনও পুরোপুরি নামেনি। বহু পরিবার ঘরছাড়া হয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে রতুয়ার বানভাসি মানুষের পাশে দাঁড়াল ব্যবসায়ী মহল। রবিবার নৌকায় করে ত্রাণ নিয়ে বন্যাবিধ্বস্ত নরোত্তমপুর ও কাটরা দিয়ারা এলাকায় পৌঁছন চাঁচল মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন তুলসীহাটা ও আশাপুর মার্চেন্ট চেম্বারের সদস্যরাও।
প্রায় এক হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী। পাশাপাশি মহিলাদের শাড়ি, শিশুদের পোশাক এবং মশারিও বিতরণ করা হয়।
কাহালা গ্রাম পঞ্চায়েতের এই দুই এলাকায় দিনভর চলে ত্রাণ কর্মসূচি। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বারের সভাপতি অসিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক উজ্জ্বল দাস, চাঁচল মার্চেন্ট চেম্বারের সম্পাদক সুদীপ্ত ঘোষ, পঙ্কজ ডালমিয়া, অর্ঘ্য প্রতিম মজুমদার, মনোজ আগরওয়াল, অমিতেশ পান্ডে-সহ সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে সহযোগিতা করেন সমাজসেবী অভিষেক মিশ্র। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অন্যান্য সংগঠনকেও বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।







