চাঁচল: বারবার প্রশাসন ও বিধায়কের কাছে আবেদন জানিয়েও মেলেনি পাকা রাস্তা। বর্ষায় সেই কাঁচা রাস্তাই এখন কার্যত জলাশয়ের চেহারা নিয়েছে। ফলে হাঁটাচলা বন্ধ শতাধিক পরিবারের। সমস্যায় এলাকার বিশেষভাবে সক্ষম বাসিন্দারাও। পাকা রাস্তার দাবিতে রবিবার দুপুরে রাস্তার জমা জলে নেমেই বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি মালতীপুর বিধানসভার গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের সূতি জুড়ানবাড়ি এলাকার।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকা বিজেপি-অধ্যুষিত হওয়ায় তৃণমূলের বিধায়ক উন্নয়নের কাজে গুরুত্ব দেননি। পাল্টা বিজেপির কটাক্ষ, রাজনৈতিক রং দেখে উন্নয়ন করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকসি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করা হচ্ছে।







