মানিকচক: বন্যায় বিপর্যস্ত মালদার মানিকচকের ভূতনী এলাকা পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, জেলাশাসক রাজনবীর সিং কাপুর। শনিবার লঞ্চে করে তাঁরা ভূতনীর বিভিন্ন বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন করেন ত্রাণশিবিরও।
দুর্গতদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মন্ত্রীদ্বয়। পরে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় ত্রাণসামগ্রী। ত্রাণ ও উদ্ধারকাজে কোনও ঘাটতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখেন তাঁরা।
শঙ্কর ঘোষ বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। জেলা প্রশাসন লাগাতার সেই কাজ করছে। একইসঙ্গে বন্যা ও গঙ্গাভাঙনের স্থায়ী সমাধানে বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের পাশাপাশি কেন্দ্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।







