চাঁচল, ১৮ সেপ্টেম্বর: পঞ্চায়েত দখলের পরই মালদহের চাঁচল-১ ব্লকের খরবা অঞ্চলে কংগ্রেসের যোগদান কর্মসূচি ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ল। শুক্রবার সন্ধ্যায় আশাপুরে আয়োজিত কর্মসূচিতে তিন শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি দলীয় নেতৃত্বের।
দক্ষিণ মালদহের সাংসদ তথা মালদহ জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরীর হাত ধরে নতুন কর্মীরা কংগ্রেসে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব, মালতীপুরের প্রাক্তন বিধায়ক আলবেরুনী জুলকারনাইন, প্রবীণ নেতা স্বপন রায় চৌধুরী, হিরন্ময় পাণ্ডে-সহ দলীয় নেতৃত্ব।
ঈশা খান চৌধুরী বলেন, জেলার বিভিন্ন ব্লকে ধারাবাহিকভাবে যোগদান কর্মসূচি চলছে। তাঁর দাবি, প্রতিদিনই বিভিন্ন দল থেকে বহু মানুষ কংগ্রেসে যোগ দিচ্ছেন, তাঁদের মধ্যে তৃণমূলের নেতা-কর্মীর সংখ্যাই বেশি।
সম্প্রতি তৃণমূলের হাত থেকে খরবা পঞ্চায়েত কংগ্রেস দখল করেছে। প্রধান হয়েছেন পারভিনা খাতুন এবং উপপ্রধান হোসনেআরা খাতুন। পঞ্চায়েত দখলের পর এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ছে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।







