মালদা, ১৮ সেপ্টেম্বর: আচমকা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী।
জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন ও সার্জারি-সহ একাধিক ওয়ার্ড পরিদর্শনের সময় হাসপাতালের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। কোথাও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, কোথাও রোগীদের পরিষেবা পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার উপর জোর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করার পরামর্শ দেন তিনি। সরকারি হাসপাতালে মানুষ পরিষেবার প্রত্যাশা নিয়েই আসেন, তাই প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার বার্তাও দেন।
এদিনের আকস্মিক পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী। প্রয়োজনীয় ঘাটতি চিহ্নিত করে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।







