চাঁচল: দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন ও বিভিন্ন পর্যায়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হল বছরের তৃতীয় লোক আদালত। চাঁচল মহকুমা আদালতে এদিন মোট পাঁচটি বেঞ্চে চলে লোক আদালতের কার্যক্রম। উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।
উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ জয়শঙ্কর রায়, সিভিল জজ (সিনিয়র ডিভিশন) সরসী গোস্বামী, এসিজেএম প্রদীপ্তা ভট্টাচার্য, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড কোর্ট ইন্দ্রনীলন মজুমদার এবং সিভিল জজ (জুনিয়র ডিভিশন) কস্তুরী দত্ত। প্রতিটি বেঞ্চে একজন করে অ্যাডভোকেটও উপস্থিত ছিলেন। সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে আদালত চত্বরে রাখা হয়েছিল হেল্প ডেস্ক।
আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৫,০৯৬টি মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে দেওয়ানি সংক্রান্ত ২,৫৪৮টি, ব্যাঙ্ক সংক্রান্ত ১,৯৫৯টি, ফিনান্স সংক্রান্ত ৩৪০টি, পেটি ক্রিমিনাল ২১৭টি এবং বিচারাধীন ৩২টি মামলা ছিল।
লোক আদালতের মাধ্যমে উপযুক্ত মামলায় দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হয়। এতে সময় ও খরচ—দুই ক্ষেত্রেই সাধারণ মানুষ উপকৃত হন।
চাঁচল মহকুমা আদালতের এডিজে জয়শঙ্কর রায় বলেন, “দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন মামলার নিষ্পত্তিই লোক আদালতের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যাতে এর মাধ্যমে সুবিধা পান, সেটাই আমাদের লক্ষ্য। এখানে কেউ হারেন না, কেউ জেতেন না—সমস্যার সমাধানই হয়।”







