চাঁচল: পরিবেশবান্ধব ও কম খরচের নতুন চাষপদ্ধতি হিসেবে প্রাকৃতিক কৃষির সঙ্গে কৃষকদের পরিচয় করাতে চাঁচল-২ ব্লকে আয়োজিত হল নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি। ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ব্লকের ১০টি ক্লাস্টারের প্রায় ১২৫০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রতিদিন প্রায় ২৫০ জন করে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ নেন।
চাঁচল-২ কৃষি দফতরের উদ্যোগে এবং রতুয়ার মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কারিগরি সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রাকৃতিক কৃষির বিভিন্ন উপকরণ তৈরি, ব্যবহার ও জমিতে প্রয়োগের পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। ভাকরি, মালতিপুর, গৌরহন্ড, খেমপুর ও ধানগাড়া-বিষনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পর্যায়ক্রমে প্রশিক্ষণ হয়।
চাঁচল-২ ব্লকের কৃষি আধিকারিক কৃষ্ণেন্দু কুন্ডু বলেন, “প্রাকৃতিক কৃষি নিয়ে কৃষকদের আগ্রহ বাড়ছে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের হাতে-কলমে দক্ষ করে তুলে নিজেদের জমিতে এই নতুন পদ্ধতি প্রয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে।”
মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক তথা মৎস্য বিজ্ঞানী ডঃ অদ্বৈত মণ্ডল বলেন, “মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রযুক্তি গ্রহণের আগ্রহ বাড়ানো সম্ভব। প্রাকৃতিক কৃষিতে কৃষকের নিজের হাতে উপকরণ তৈরি ও ব্যবহারের দক্ষতা তৈরি করাই আমাদের লক্ষ্য।”







