হরিশ্চন্দ্রপুর, ৮ সেপ্টেম্বর:
জঙ্গলের মধ্যে তোয়ালে মোড়া অবস্থায় পড়ে ছিল সদ্যজাত এক কন্যাসন্তান। শরীরজুড়ে রক্তের দাগ, গায়ে থিকথিক করছে লাল পিঁপড়া। গরু আনতে গিয়ে শিশুর কান্নার আওয়াজ শুনে তাকে উদ্ধার করলেন এক গৃহবধূ। তাঁর তৎপরতায় আপাতত প্রাণে বেঁচেছে সদ্যজাতটি। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার লক্ষ্মীপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বাগানে গরু আনতে গিয়েছিলেন শঙ্করী দাস। আচমকা জঙ্গল থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখেন, তোয়ালে মোড়া অবস্থায় পড়ে রয়েছে সদ্যজাতটি। শিশুটির শরীরজুড়ে পিঁপড়া। দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে সেবা-শুশ্রূষা করেন শঙ্করী। পরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল হয়ে শিশুটিকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে।
শঙ্করী বলেন, ‘‘আর একটু দেরি হলেই কুকুর-শিয়াল শিশুটিকে টেনে নিয়ে যেতে পারত। কিছুক্ষণ পরেই বাগানে শিয়ালের দল এসেছিল।’’ শিশুটি সুস্থ হলে তার দায়িত্ব নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।







