উত্তরের নজর ব্যুরো: দুর্গাপুজো ঘিরে এ বারও উদ্যোক্তা কমিটিগুলিকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুজো কমিটিগুলিকে দেওয়া হবে এক লক্ষ টাকা করে অনুদান। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি সাহায্য না নেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। তাঁর কথায়, যাঁদের অনুদান ছাড়া পুজো আয়োজন কঠিন, তাঁদেরই এই সুবিধা দেওয়া হবে।
শুধু অনুদান নয়, বিদ্যুতের খরচ নিয়েও পুজো কমিটিগুলিকে স্বস্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে পুজো কমিটিগুলিকে বিদ্যুতের জন্য কোনও মূল্য দিতে হবে না বলে জানান তিনি।
তবে উৎসবের আবহে নিয়মভঙ্গ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর সময় কোথাও ডিজে বাজানো যাবে না। অষ্টমীর দিন বন্ধ থাকবে মদের দোকান। পানশালাতেও মদ পরিবেশন করা যাবে না।







