রতুয়া: সিনেমার প্রযোজক করার টোপ দিয়ে এক যুবকের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল এক অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অসীম আখতার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মালদার রতুয়া থানার পুলিশ। শনিবার রাতে কলকাতার টালিগঞ্জ থেকে তাঁকে ধরা হয়। সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিনেমায় টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের লাভের আশ্বাস দিয়েছিলেন অসীম। ‘কালিয়াচক চ্যাপ্টার-৩’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। অভিযোগ, ওই ছবিতে প্রযোজক করার কথা বলে পরিচিত যুবক মহম্মদ আজাহারউদ্দিনের কাছ থেকে টাকা নেওয়া হয়। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। পর পর আরও ছবির প্রযোজনার প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় টাকা নেওয়া হয় বলে অভিযোগ। জমি বিক্রি করেও টাকা দিয়েছিলেন আজাহারউদ্দিন। টাকা ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







