চাঁচল: ২৮ অগস্ট: রাখি বন্ধন উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বিশেষ কর্মসূচি আয়োজন করল চাঁচল রোটারি ক্লাব। শুক্রবার দিনভর একাধিক উদ্যোগের মাধ্যমে সম্প্রীতি ও মানবিকতার বার্তা তুলে ধরেন ক্লাবের সদস্যরা।
এদিন প্রথমে রোটারি ক্লাবের সদস্যদের মধ্যে রাখি বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর রোটারি ওল্ড ক্লথ ব্যাংক থেকে প্রয়োজনীয় মানুষদের হাতে তুলে দেওয়া হয় পোশাক। দুপুরে নেতাজি মোড়ে আয়োজন করা হয় রোটারি অন্নপূর্ণা কর্মসূচির। সেখানে পথচলতি মানুষের মধ্যে পরিবেশন করা হয় ভাত, ডাল, সবজি, ডিম ও পাপড় ভাজা।
স্বর্গীয় পিতা পংকজ সরকারের স্মৃতির উদ্দেশ্যে এদিনের অন্নপূর্ণা কর্মসূচির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন রোটারি ক্লাবের সদস্য প্রলয় সরকার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পান্ডে, সম্পাদক সমর্পণ পাল, কোষাধ্যক্ষ পংকজ ডালমিয়া, সদস্য মনোজ আগরওয়াল, অনির্বাণ রায় চৌধুরী-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।







