হরিশ্চন্দ্রপুর: মাঠে ব্যাট-বল হাতে ছোটদের ক্রিকেটের উৎসাহ বাড়াতে উদ্যোগী হল হরিশ্চন্দ্রপুর ক্রিকেট একাডেমি। শিশুদের মোবাইলের পর্দা থেকে মাঠমুখী করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হরিশ্চন্দ্রপুর হাই স্কুল মাঠে আয়োজিত হল ক্রিকেট টুর্নামেন্ট। রবিবারের এই খেলার আসরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মেজোবাবু, বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাশোয়ান এবং উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ দাস।
এদিন মাঠে ব্যাট হাতে নামেন হরিশ্চন্দ্রপুর থানার মেজোবাবু। বল হাতে দেখা যায় বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাশোয়ানকে। উইকেটের পিছনে দায়িত্ব সামলান মনোজ দাস। তাঁদের উপস্থিতিতে ছোটদের ক্রিকেটের আসর হয়ে ওঠে আরও আকর্ষণীয়।
শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মাঠে খেলাধুলার এমন উদ্যোগকে ঘিরে উৎসাহ দেখা যায় উপস্থিত ক্রিকেটপ্রেমীদের মধ্যেও।







