হরিশ্চন্দ্রপুর: মৃত্যুর আগের দিন ভাইকে নিজের রক্তাক্ত অবস্থার ছবি পাঠিয়ে নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন বধূ। এমনকী, প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছিলেন বলে দাবি পরিবারের। এর পরদিনই মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
মৃতার নাম নুরবানু বিবি (২৬)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের সন্তোষপুর গ্রামে। পাঁচ বছর আগে চাঁচলের দেবীগঞ্জের বাসিন্দা সামাদ আলির সঙ্গে বিয়ে হয় তাঁর। পরিবারের অভিযোগ, সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। চার মাস আগে স্বামীর সঙ্গে উজ্জয়িনীতে যান নুরবানু। সেখানে সামাদের প্লাস্টিকের কারখানা রয়েছে।
পরিবারের দাবি, মঙ্গলবার মারধরের পর ভাইকে ছবি পাঠিয়েছিলেন নুরবানু। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার দেহ গ্রামে ফেরে। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দেহ গ্রহণ ও দাফনের সময় অসহযোগিতার অভিযোগ তুলেছে বাপের বাড়ির পরিবার।
অন্যদিকে, খুনের অভিযোগ অস্বীকার করেছেন সামাদ। তাঁর দাবি, ঘটনার সময় তিনি কাজে ছিলেন। স্ত্রীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মৃতার পরিবার।







