চাঁচল: মাটিতে লুটিয়ে পড়ে ভূতের আর্তনাদ! কেউ আবার হুইলচেয়ারে বসে স্থির চোখে তাকিয়ে। কখনও ঘন অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে আসছে কালো ভূত, কখনও চোখের সামনে হাজির হচ্ছে ভয়ংকর চেহারার পেত্নী! মুহূর্তে বদলে যাচ্ছে পরিবেশ। কেউ ভয়ে চোখ বন্ধ করছেন, কেউ আবার চিৎকার করে উঠছেন। সব মিলিয়ে এক রাতের জন্য যেন বাস্তবেই ভূতেদের রাজত্ব! কালীপুজো উপলক্ষে এমনই ভৌতিক আয়োজনের সাক্ষী থাকল মালদহের চাঁচল থানার কলিগ্রামের বগচড়া।
দুর্বাশা সংঘের উদ্যোগে বুধবার রাতে আয়োজন করা হয়েছিল ‘ভূতের চিড়িয়াখানা’। শুধু নামেই নয়, সাজসজ্জা থেকে শুরু করে ভূতেদের বিচিত্র অঙ্গভঙ্গি—সবেতেই ছিল আতঙ্কের ছোঁয়া। আলো-আঁধারির মিশেলে তৈরি করা হয়েছিল গা ছমছমে পরিবেশ। আর তার মধ্যেই একের পর এক জীবন্ত ভূতের আবির্ভাব।
কখনও মাটিতে পড়ে ভূতের আর্তনাদ, কখনও হুইলচেয়ারে বসে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা, আবার কখনও জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো ভয়ংকর কালো ভূত। হঠাৎ সামনে এসে হাজির হচ্ছে কেউ, আবার পরক্ষণেই অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ভূতেদের এমন অভিনয় আর ভয়ংকর সাজসজ্জায় রীতিমতো চমকে উঠেছেন দর্শনার্থীরা।
প্রতিবছরই কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের জন্য এমন অভিনব জীবন্ত ভূতের লাইভ শো-এর আয়োজন করে দুর্বাশা সংঘ। এবারও ভূতের চিড়িয়াখানার টানে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি। ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে সাহস দেখাতে গিয়ে অনেকেই শেষ পর্যন্ত ভয় পেয়ে চিৎকার জুড়েছেন। কারও চোখ বন্ধ, কেউ আবার ভয়ে পিছিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কালীপুজোর রাতে বগচড়ায় ভূতের আতঙ্ক নয়, বরং ভূতেদের দাপটে জমে উঠল উৎসবের মেজাজ!






